সকাল থেকে ভোটগণনা শুরুর সময় থেকেই ট্রেন্ডে বিজেপি এগিয়ে (Election Result)। তবে কোথাও কোথাও তৃণমূলকে কড়া প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতেই দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে ভিডিও বার্তায় মনোবল বাড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনও অবস্থাতেই যেন কাউন্টিং এজেন্ট বা প্রার্থীরা গণনাকেন্দ্র ছেড়ে না যান। মমতার আত্মবিশ্বাসী বার্তা, “সূর্যাস্তের পরই তৃণমূল জিতবে।”
মমতার অভিযোগ, প্রথম কয়েক রাউন্ডে ইচ্ছাকৃতভাবে বিরোধী পক্ষের ফল আগে দেখানো হচ্ছে এবং তৃণমূলের ফলাফল পরে প্রকাশ করা হচ্ছে। তাঁর দাবি, বহু জায়গায় গণনা থামিয়ে রাখা হয়েছে এবং কিছু কেন্দ্রে ইভিএম মেশিনে অসঙ্গতিও ধরা পড়েছে। পাশাপাশি তিনি কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।মমতা বলেন, “দয়া করে কাউন্টিং এজেন্ট কিংবা প্রার্থীরা ভোটগণনা কেন্দ্র ছেড়ে আসবেন না। এটা বিজেপির প্ল্যান। প্রথম ২-৩ রাউন্ডে আমি কাল থেকেই বলছি ওদেরগুলো আগে দেখাবে। আমাদেরগুলো পরে দেখাবে। ১০০ জায়গায় গণনা বন্ধ করে রেখে দিয়েছে। কল্যাণীতে ধরা পড়েছে ৭টা মেশিন, যেখানে কোনও মিল নেই। জোর করে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে অত্যাচার করছে। জোর করে কার্যালয় দখল করছে। এসআইআরের নামে দেখেছেন ভোট লুট করেছে।”
তিনি বলেন, এখনও প্রায় শতাধিক আসনে তৃণমূল এগিয়ে থাকলেও সেই তথ্য সামনে আনা হচ্ছে না, বরং বিভ্রান্তিকর খবর ছড়ানো হচ্ছে। তাঁর অভিযোগ, প্রশাসনের একাংশও নিরপেক্ষভাবে কাজ করছে না। তাঁর অভিযোগ, “এখনও প্রায় ১০০টার মতো আসন আছে যেখানে তৃণমূল এগিয়ে রয়েছে। সেগুলো বলছে না। মিথ্যা খবর রটাচ্ছে। আগে ডিআইসিও এই খবরগুলো দিত। তাকে গতকাল বদলি করে দিয়েছে। নির্বাচন কমিশন নিজের ইচ্ছামতো খেলছে বাহিনীকে সঙ্গে নিয়ে। পুলিশও কমিশনের হয়ে কাজ করছে।”
পাশাপাশি দলীয় কর্মীদের উদ্দেশে মমতার বার্তা, হতাশ হওয়ার কোনও কারণ নেই। তিনি আগেই ইঙ্গিত দিয়েছিলেন, দিনের শেষে ফল ঘুরে দাঁড়াবে। তাঁর কথায়, “এখনও অনেক রাউন্ড গণনা বাকি। ধৈর্য ধরুন, শেষ পর্যন্ত আমরা জিতব। দু-চার রাউন্ড গণনা হয়েছে। ১৭-১৮ রাউন্ড গণনা হয়। তখন আপনার জিতবেন। অপেক্ষা করুন। দেখুন। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। আপনার কেউ ভয় পাবেন না। বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।”





