Header AD
Trending

রবিবার বন্ধ নয় বিদ্যাসাগর সেতু! হচ্ছে না মেরামতি, নতুন বিজ্ঞপ্তি জারি

2nd hooghly bridge

রবিবার বন্ধ থাকছে না কলকাতা-হাওড়া সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু(Vidyasagar Bridge)। মেরামতির কাজের জন্য ১৬ ঘণ্টার জন্য বিদ্যাসাগর সেতু বন্ধ রাখার সিদ্ধান্তে শেষ মুহূর্তে বড়সড় বদল আনল কলকাতা ট্রাফিক পুলিশ। শুক্রবার রাতেই নতুন বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, দিনভর স্বাভাবিকভাবেই চলবে যান চলাচল।

আগের বিজ্ঞপ্তি অনুযায়ী, মেতামতির কাজের জন্য রবিবার ভোর থেকে রাত পর্যন্ত মোট ১৬ ঘণ্টা সেতুতে যানবাহন চলাচল বন্ধ রাখার পরিকল্পনা ছিল। সেইমতো বিকল্প রুটও ঘোষণা করেছিল কলকাতা ট্রাফিক বিভাগ। কিন্তু মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে অবস্থান বদলে নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এই মর্মে নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে। কলকাতা ট্রাফিক পুলিশের ডিসি জানিয়েছেন, সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে ইতিমধ্যেই নতুন নোটিস পাঠিয়ে দেওয়া হয়েছে। যাতে হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তনের ফলে কোথাও বিভ্রান্তি বা সমন্বয়ের অভাব তৈরি না হয়, সেদিকেও বিশেষ নজর রাখা হয়েছে। ফলে স্বস্তিতে নিত্যযাত্রী থেকে পণ্যবাহী গাড়ির চালকরা।

সপ্তাহান্তে গুরুত্বপূর্ণ এই সেতু বন্ধ থাকলে শহর ও পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক যানজটের আশঙ্কা ছিল। শেষ মুহূর্তের সিদ্ধান্ত বদলে আপাতত সেই আশঙ্কা কাটল।রবিবার বিদ্যাসাগর সেতুতে ১৬ ঘণ্টার যান নিয়ন্ত্রণ ঘিরে আগেভাগেই বিস্তারিত ট্রাফিক পরিকল্পনা প্রকাশ করেছিল কলকাতা পুলিশ (Kolkata Police)। শুক্রবার সকালে পুলিশ কমিশনার অজয় নন্দার তরফে জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ মে ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ রাখা হবে দ্বিতীয় হুগলি সেতু। কারণ হিসেবে বলা হয়েছিল, সেতুর কেবল বদল এবং জরুরি রক্ষণাবেক্ষণের কাজ চলবে ওই সময়েই। এই দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় বিকল্প রুটেরও ঘোষণা করা হয়েছিল।

নতুন নির্দেশিকা অনুযায়ী, ১৭ মে ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত স্বাভাবিকভাবেই চলবে সব ধরনের যানবাহন। অর্থাৎ কলকাতা ও হাওড়ার মধ্যে যোগাযোগে কোনও বাধা থাকছে না। শুধু যান চলাচলই নয়, যে রক্ষণাবেক্ষণের কাজের জন্য সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল, সেটিও আপাতত হচ্ছে না বলে জানানো হয়েছে।

ট্রাফিক পুলিশের তরফে আরও জানানো হয়েছে, এই বদল হওয়া সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে বিদ্যাসাগর সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এইচআরবিসি কর্তৃপক্ষকেও।