Header AD

BJPর মুখ্যমন্ত্রিত্বের লোভনীয় প্রস্তাবও ফিরিয়ে দিলেন বিজয়, একাই ভোটযুদ্ধে দক্ষিণী সুপারস্টার

Thalapathy Vijay

তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচনকে (Tamilnadu Assembly election 2026) ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় (Thalapathy Vijay) তাঁর রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। তিনি কোনও জোটে যাচ্ছেন না, বরং একাই নির্বাচনী লড়াইয়ে নামছেন।

সূত্রের খবর, ভারতীয় জনতা পার্টি (BJP) বিজয়কে নিজেদের জোটে টানতে একাধিক প্রস্তাব দিয়েছিল। নির্বাচনের আগে তাঁকে উপমুখ্যমন্ত্রী পদ এবং ২৩৪টি আসনের মধ্যে প্রায় ৮০টি আসন ছাড়ার প্রস্তাব দেওয়া হয়। এমনকি পরে তাঁকে আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রী করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল বলে জানা যায়। কিন্তু কোনও প্রস্তাবই গ্রহণ করেননি বিজয়।

সম্প্রতি এক অনুষ্ঠানে বিজয় জানিয়েছিলেন, তাঁর দল ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়ের আদর্শে বিশ্বাসী। তাই কোনও রাজনৈতিক আপোসে তিনি রাজি নন। জোটে যোগ দেওয়ার জল্পনাকেও তিনি সরাসরি উড়িয়ে দিয়েছিলেন। তবুও অনেকের মনেই সংশয় ছিল, শেষ মুহূর্তে নিজের মত পালটে ফেলবেন না তো দক্ষিণী সুপারস্টার?

উল্লেখ্য, এই প্রথমবার নির্বাচনে অংশ নিতে চলেছে বিজয়ের দল টিভিকে (Tamilaga Vettri Kazhagam)। ইতিমধ্যেই পুদুচেরির ৩০টি আসনেই প্রার্থী ঘোষণা করেছে দলটি। পাশাপাশি তামিলনাড়ুতেও এককভাবে লড়াই করার সম্ভাবনা প্রবল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, খুব অল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষের মধ্যে নিজের জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে TVK। বিজেপি চেয়েছিল বিজয়ের বিপুল জনপ্রিয়তাকে কাজে লাগাতে। তাঁদের ধারণা ছিল, বিজয় সমর্থকদের একটি অংশকেও পাশে আনতে পারলে নির্বাচনের ফলাফলে বড় প্রভাব পড়তে পারে। তবে বিজয়ের একক লড়াইয়ের সিদ্ধান্ত তাঁর রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে।