ভোটের ময়দানে বিজেপিকে আক্রমণ শানানো অব্যাহত রেখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নির্বাচনী জনসভা হোক বা সোশ্যাল মিডিয়া—সব ক্ষেত্রেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে সরব হচ্ছেন ডায়মন্ড হারবারের সংসদ। শনিবার নিজের এক্স হ্যান্ডলে একাধিক অভিযোগ তুলে বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি হুঁশিয়ারিও দিয়েছেন অভিষেক। তাঁর সতর্কবার্তা , ‘বাংলায় বুলেট নয়, ব্যালটে ভোট হবে!’
এদিন এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করার পাশাপাশি তিনি লিখেছেন, ‘যাঁরা একসময় নিজ রাজ্য থেকে বিতাড়িত হয়ে ‘তাড়িপর’ ঘোষিত হয়েছিলেন, তাঁরাই এখন বাংলায় এসে ২৩ ও ২৯ তারিখ আমাদের কর্মীদেরকে ঘরে থাকার জন্য প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। তাঁদের নেতার ইশারায় বিজেপির ‘লেঠেল বাহিনী’ ঘরে ঘরে গিয়ে সাধারণ নাগরিকদের আতঙ্কিত করছে এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের হুমকি দিচ্ছে।’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে সবং এলাকায় এক গৃহবধূ ও তাঁর শিশুকন্যাকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ওই প্রসঙ্গ উল্লেখ করে অভিষেক পোস্টে লিখেছেন, ‘আমার নজরে এসেছে যে এই গুন্ডারা সবংয়ে এক তৃণমূল কংগ্রেস সমর্থকের বাড়িতে জোর করে ঢুকে পড়ে এবং তাঁর দুই বছরের মেয়ের সামনেই তাঁকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে। অহঙ্কারে মত্ত বিজেপি মনে করে, ব্যালট যা পারে না, বুলেট আর সন্ত্রাস দিয়ে তা অর্জন করা যায়।’ শেষে অভিষেক লিখেছেন, ‘বাংলার কাছে এর প্রতিষেধক আছে। আর সেই প্রতিষেধক গণতান্ত্রিকভাবে, জনগণ নিজেরাই প্রয়োগ করবে। আমি বাংলা–বিরোধী বহিরাগতদের প্রকাশ্যে চ্যালেঞ্জ জানাচ্ছি, ৪ মে যখন তা ঘটবে, তখন আপনারা এই বাংলায় উপস্থিত থাকুন। রবীন্দ্রসঙ্গীত হবে। ডিজে মিউজিক হবে। তা যেন আপনার চোখ এড়িয়ে না যায়।’





