Header AD

‘এক মাস পর সরকারটা কিন্তু আমরাই গড়ব’, ডেবরার সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ তৃণমূল সুপ্রিমোর

cm rajib

“দিল্লির জমিদাররা আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। কিন্তু এটা এক মাস। তার পরে মনে রাখবেন, যতই করো চেষ্টা, মিটবে না কো তেষ্টা। তৃণমূল আসছে, তৃণমূল আসবে। এক মাস পর সরকারটা কিন্তু আমরাই গড়ব। মানুষ যতক্ষণ থাকবে, জোড়াফুল থাকবে।” সোমবার ডেবরার নির্বাচনী জনসভা থেকে এই ভাষাতেই কেন্দ্রের বিজেপি সরকার ও কমিশনকে একযোগে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল (Trinamool Congress)সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি সভা থেকে ফের একবার বাংলায় ঐক্য প্রতিষ্ঠার ডাক দিলেন তৃণমূল নেত্রী।

সোমবার ডেবরার বালিচক ভজহরি ইনস্টিটিউশনের মাঠে তৃণমূল প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করবেন মমতা। সেখান থেকেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) সমর্থনে তিনি বলেন, “এখানে রাজীব বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে। কখনও সেলিমা দাঁড়িয়েছে, কখনও রাধাকান্ত মাইতি দাঁড়িয়েছে। মনে রাখবেন আমরা পুরাতন, নতুন, প্রবীণ, নবীন, সব ধর্ম, সব বর্ণ, সব জাতি, সব সম্প্রদায়কে নিয়ে ঐক্যের বাংলায় ঐক্য প্রতিষ্ঠা করতে চাই।” কর্মীদের প্রতি তাঁর বার্তা, “আমাদের আদিবাসী প্রার্থীদের জন্য যেমন সকলে লড়াই করেন। হিন্দু প্রার্থীরা থাকলে, তাঁদের জন্যও সকলে লড়াই করেন। যেখানে মুসলিম প্রার্থী আছেন, তাঁদের জন্যও আমাদের লড়াই করতে হবে। কারণ, সরকারটা কিন্তু আমরাই গড়ব।”

সভা থেকে বিজেপির (BJP)কড়া সমালোচনা করে মমতা বলেন, “এরা ধর্মের নামে প্রচার করে। আর ধর্মকে বিপথে ফেলে দেয়। এরা কোনও ধর্ম মানে না। এরা বকধার্মিক। ধর্মকে বেচে দেয়। আমরা ধর্মকে ঘরে রাখি, সম্মান করি। এরা ধর্ম বেচে খায়। আর আমরা মানবিকতার জন্ম দিই। এটাই ওদের সঙ্গে আমাদের তফাৎ।” এরপরই তাঁর আবেদন, “একটা সিটও খুব গুরুত্বপূর্ণ। যদি সম্মান নিয়ে বাঁচতে তাহলে তাহলে ভোটটা জোড়া ফুলে দেবেন।”

বাংলাভাষীদের উপরে অত্যাচারের অভিযোগ নিয়েও এদিন বিজেপিকে তোপ দাগেন মমতা। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের বাইরে যান, বাংলায় কথা বললে আপনাকে হোটেলে থাকতে দেওয়া হবে না। বাংলায় কথা বললে আপনার উপর অত্যাচার হবে, পিটিয়ে খুন করা হবে। যেখানে বিজেপি আছে, সেখানে মাছ খেতে দেয় না। মাছের দোকান বন্ধ। মাংসের দোকান বন্ধ।”

এসআইআর-এর ভোট কাটার বিরুদ্ধেও এদিন সরব নামে মমতা। সাপ্লিমেন্টরি তালিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “অনেক ভোট কেটে দিয়েছে। অনলাইনে দেখে অ্যাপ্লাই করুন। রাজীবকে বলব দেখে নিতে। আমরা আইনজীবী দেব। বাদ দিয়েছিল ১ কোটি ২০ লক্ষের নাম। নির্বাচন কমিশন বলার আগেই বিজেপি বলে দিয়েছিল। তার রেকর্ড তো সকলেই দেখেছেন। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আছে ৬০ লক্ষ। তার অন্তত ৫০ শতাংশও নাম যদি উঠে থাকে, তার কৃতিত্ব অবশ্যই আমার সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য। কারণ, আমি নিজে গিয়েছিলাম সুপ্রিম কোর্ট পর্যন্ত। লড়াই করেছিলাম।”

এরপরই বিজেপিকে বিঁধে মমতা বলেন, “মানুষদের লাইনে দাঁড় করিয়েছো। অসম্মান করেছো। এই অসম্মানের বদলা মানুষ ভোটের বাক্সে নেবে। সে দিন তোমরা দেখতে পাবে। বাংলাবিরোধী বিজেপি যতই কর চক্রান্ত, আবার হবে ব্যর্থ।” একই সঙ্গে তিনি বলেন, “ভোট হয়ে গেলে পশ্চিমবঙ্গ জিতে সকলকে এক করে সারা দেশের মানুষকে নিয়ে দিল্লি দখল করতে হবে।”