ভোটের মুখে পশ্চিমবঙ্গে বারবার ইডি তল্লাশি ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা বাড়ছেই। এরই মধ্যে রবিবার সকালে শোনা যায়, তৃণমূলের নির্বাচনী কৌশল নির্ধারণে যুক্ত সংস্থা আইপ্যাক নাকি এ রাজ্যে আপাতত তাদের সব কাজ বন্ধ করতে চলেছে।একই সঙ্গে সংস্থার সঙ্গে যুক্ত কর্মীদের আগামী ২০ দিন ছুটিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই খবর রটতেই বঙ্গ রাজনীতিতে শোরগোল পড়ে যায়। যদিও কিছুক্ষণের মধ্যেই শাসকদলের তরফে জানানো হয়, খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভোটের মুখে এই ধরণের খবর ছড়ানো উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তি সৃষ্টিকারী।রবিবার তারকেশ্বরের সভা থেকে আইপ্যাক প্রসঙ্গে কড়া অবস্থান নেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি স্পষ্ট জানিয়ে দেন, প্রয়োজনে আইপ্যাকের সঙ্গে যুক্ত তরুণ-তরুণীদের চাকরির ব্যবস্থা করবে তাঁর দল।
তারকেশ্বরের জনসভা নিয়ে এই বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন , “আমাদের রোজ ইডি রেড করছে। ভোটের সময় কেন ভাই? এখন মনে পড়ল? আমাদের এজেন্সিগুলোকে বলছ যারা আমাদের পার্টির কাজ করে বাংলা ছেড়ে চলে যাও। কেন? তোমাদের তো ৫০টা আছে। আমাদের ক্ষমতা নেই একটা আছে। শুনুন, ওদের ভয় দেখালে ওরা আমাদের দলে যোগ দেবে। আমরা ওদের চাকরি দেব। একটি ছেলেকও চাকরিহারা করব না। সকালে অভিষেকের সঙ্গে কথা বলে এসেছি।”
উল্লেখ্য, সম্প্রতি রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে ইডি তল্লাশি এবং দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ নিয়েও এদিন ফের ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে প্রচারে বাধা সৃষ্টি করা হচ্ছে। এমনকি তাঁর ঘনিষ্ঠদের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে বলে দাবি করেন তিনি। পরিস্থিতি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, “আমার যে ইনকাম ট্যাক্স করে তার বাড়ি রেড করেছে। আমাদের প্রার্থী দেবাশিস কুমারকে ১৬ ঘণ্টা আটকে রেখেছে। প্রচার করতে দেওয়া হয়নি। প্রত্যেকটা কেস হবে। ছেড়ে কথা বলার লোক আমরা নই, মনে রাখুন। আমার যে নিরাপত্তার দায়িত্বে তার বাড়িতেও রেড হয়েছে। আমাকে কি খুন করতে চান? হত্যা করতে চান? খুন করে বাংলা পেতে পারেন কিনা, চেষ্টা করুন না।”
এদিন বক্তব্য রাখতে গিয়ে সিপিএম ও বিজেপিকে একসঙ্গে নিশানা করেন তিনি। নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-কে ‘গদ্দার’ বলে কটাক্ষ করেন এবং প্রশ্ন তোলেন, কেন শুধুমাত্র তৃণমূল নেতাদের বাড়িতেই তল্লাশি চলছে, অন্যদের নয়।তাঁর কথায়, “তৃণমূল নেতাদের বাড়ি রেড হবে। বিজেপির বাড়ি রেড হবে না কেন? গদ্দারের বাড়ি রেড হবে না কেন? তার ভাইয়ের বাড়ি রেড হবে না কেন? বাবার বাড়ি রেড হবে না কেন?”
উল্লেখযোগ্য, এর আগেও জানুয়ারি মাসে আইপ্যাকের (IPAC) সল্টলেক অফিস এবং সংস্থার প্রধান প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশি চালায়। সেই সময় ঘটনাস্থলে পৌঁছে সরাসরি পরিস্থিতি খতিয়ে দেখেছিলেন মুখ্যমন্ত্রী নিজে। সেই ঘটনাকে ঘিরেও রাজনৈতিক মহলে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল।




