Header AD

কলকাতায় অস্ত্র ও নগদ উদ্ধার! ভোটের আগে সন্ত্রাসের ছক বানচাল STF-র

STF foils teror plot

ভোটের আবহে (Election inBengal) কলকাতা শহরে বড়সড় সাফল্য পেল পুলিশ। শহরে সম্ভাব্য সন্ত্রাসের ছক ভেস্তে দিয়ে এক অস্ত্র পাচারকারীকে রাজাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। ধৃত ব্যক্তি বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র, যার মধ্যে রয়েছে ৬টি ওয়ান-শটার বন্দুক ও ১৪টি ৮ এমএম কার্তুজ। পুলিশ সূত্রে খবর, ভোটের আগে শহরে কারা এই অস্ত্র মজুত করছিল এবং এর পেছনে কারা জড়িত, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অন্যদিকে, একই দিনে দক্ষিণ কলকাতার বালিগঞ্জ এলাকাতেও নাকা তল্লাশিতে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়। আশুতোষ চৌধুরী অ্যাভিনিউ ও গুরুসদয় দত্ত রোডের মোড়ে একটি সন্দেহজনক গাড়িকে থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেই প্রায় ২৫ লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়। সম্প্রতি কলকাতা (Kolkata) ও হাওড়া (Howrah) জুড়ে একাধিক অভিযানে বড় অঙ্কের নগদ উদ্ধার হওয়ায় তদন্তকারীরা সন্দেহ করছেন, এর পেছনে কোনও বড় পাচারচক্র সক্রিয় থাকতে পারে। নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচন কমিশনের (ECI) নির্দেশে শহরের বিভিন্ন প্রান্তে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নজরদারি বাড়িয়েছে। নাকা তল্লাশির মাধ্যমে অস্ত্র ও নগদ পাচার রুখতে প্রশাসন বিশেষ তৎপরতা দেখাচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি এক নির্বাচনী সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) রাজ্যে বাইরে থেকে অস্ত্র ও মাদক ঢোকার বিষয়ে সতর্কবার্তা দিয়েছিলেন। দ্বিতীয় দফার ভোটের আগে একের পর এক অস্ত্র ও নগদ উদ্ধারে শহরে চাঞ্চল্য ছড়িয়েছে।