Header AD

‘কত বড় জাতির নেতা! ওঁর ভাষণ শুনে রেশন মিলবে না’, সোনারপুরে মোদিকে কটাক্ষ মমতার

modi mamata

শুক্রবার লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে কার্যত মুখ থুবড়ে পড়েছে কেন্দ্রের বিজেপি সরকার। সংখ্যা গরিষ্ঠতার অভাবে পাশ করেনি মহিলা বিল ও ডিলিমিটেশন বিল। এরপর আজ শনিবার রাত সাড়ে আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। শনিবার সোনারপুরের প্রচার সভা থেকে এই বিষয়ে মোদিকে তিব্র আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মোদিকে কটাক্ষ করে তিনি বলেন, কত বড় জাতির নেতা, যে তিনি আবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন!” পাশাপাশি এই সভা থেকে একাধিক ইস্যুতে কেন্দ্রকে চাঁচাছোলা আক্রমণ শানান তিনি।

সোনারপুরের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র ও ফিরদৌসি বেগমের সমর্থনে এদিন জনসভা করেন মমতা। সেই সভা থেকে নরেন্দ্র মোদির জাতির উদ্দেশ্যে ভাষণের কথা উল্লেখ করে তাঁর কটাক্ষ , ” ভোটের আগে চাকরি দেবে বলেছিলে। একটা গ্যাংম্যানও নিয়োগ করোনি তোমরা। কাল হেরে বাবুর খুব দুঃখ হয়েছে। আজ তিনি ভাষণ দেবেন।প্রধানমন্ত্রীর ভাষণ মানেই মিথ্যে কথা, মিথ্যে ভাষণ। ওর ভাষণ শুনে মানুষের রেশন মিলবে না।”

এরপরই তাঁর কটাক্ষ, ‘‘বলবে মা-বোনদের জন্য বিল পাশ করাল না। সামনে রেখেছে মহিলা। পিছনে কয়লা। মহিলা বিল আলাদা। ওটার মধ্যে ঢুকিয়েছিল ডিলিমিটেশন। তার পরে এনআরসি করে আপনাদের সকলকে ডিটেনশন শিবিরে পাঠানো হত। চক্রান্ত করা হত। ধরতে পেরে আমরা সকলে জোট বেঁধে ধরাশায়ী করেছি। আগামী দিনও বাংলাকে টার্গেট করেছে বলে ধরাশায়ী করব। বিজেপি মানে দেশের সর্বনাশ।’’সভা থেকে তিনি দাবি করেন, ‘‘আমরা সংরক্ষণ নিয়ে ভাবি না। রাজ্যসভায় ৪৬ শতাংশ মহিলা। দল মনোনয়ন দেয়। আমি না-ও দিতে পারতাম। দিয়েছি। লোকসভায় আমার ৩৭ শতাংশ মহিলা সাংসদ। আপনি কেন মহিলা বিলের সঙ্গে ডিলিমিটেশন ঢুকিয়েছেন? উদ্দেশ্য ছিল, ডিলিমিটেশন করে দেশভাগ, বাংলা ভাগ করা। আমরা দেব না।’’ বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘‘ভেবেছে দেশটা একটা রাজনৈতিক দলের পক্ষে থাকবে। একটাই দল। যা বলবে তাই করবে। তা হবে না।দিল্লি থেকে এসে বলছে তিনি ২৯৪টি আসনে তিনিই প্রার্থী। তিনি তো বাংলার ভোটারই নন। আগে ইস্তফা দিন, তার পরে আসুন।’’