ভোটবঙ্গে মোদি–মমতা তরজা! “২৯৪ আসনে কে প্রার্থী?” বিতর্কে তপ্ত রাজনীতি বঙ্গ রাজনীতি। একদিকে ভোটপ্রচারে বেরিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ২৯৪ আসনে তিনিই প্রার্থী। এবার তাঁকে নকল করে নির্বাচনী জনসভা থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও একই কথা বলছেন। রবিবার শিলিগুড়ির জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “বাংলার ২৯৪টি আসনে আমিই প্রার্থী। একবার আমাকে সুযোগ দিয়ে দেখুন।” এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মোদিকে মোক্ষম কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রী। সোমবার সিউড়ির ভরা সভা থেকে কটাক্ষের সুরে মমতার প্রশ্ন, “কোন পদটা নেবেন? প্রধানমন্ত্রী না বাংলার মুখ্যমন্ত্রী? আপনি তো বাংলায় বহিরাগত।”
নরেন্দ্র মোদি (Narendra Modi) ও মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-র মধ্যে নির্বাচনী বাকযুদ্ধ ক্রমশই তীব্র আকার নিচ্ছে। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের প্রচারে একে অপরকে কটাক্ষ করে রাজনৈতিক উত্তাপ বাড়াচ্ছেন দুই শীর্ষ নেতা।
রবিবার প্রচারে এসে মোদির করা মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়। তিনি নিজেকে বাংলার ভোটে ২৯৪ আসনে প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন। এর পাল্টা জবাব দিতে সোমবার সিউড়ির সভামঞ্চ থেকে সরব হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কটাক্ষের সুরে তিনি বলেন, “যদি আপনি ২৯৪ আসনে প্রার্থী হন, তাহলে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিন। বলুন, আপনি বাংলার মুখ্যমন্ত্রী হতে চান।” পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, “কোন পদটা নেবেন—প্রধানমন্ত্রী না বাংলার মুখ্যমন্ত্রী? আপনি তো বহিরাগত।” এরপরই মঞ্চ থেকে তাঁর হুঁশিয়ারি, “আগে দিল্লি সামলান, তারপর বাংলার দিকে নজর দিন। বাংলার দিকে চোখ তুলে তাকালে, এখানকার মানুষ চোখ উপড়ে নেবে।”
উল্লেখ্য, নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বহুবার বলেছেন, “প্রার্থী দেখবেন না, সব আসনে আমিই প্রার্থী। সরকার আমিই গড়ব।” মোদির একই ধরনের মন্তব্যকে ঘিরে তাই ‘অনুকরণ’ প্রসঙ্গ তুলে কটাক্ষ করছে রাজনৈতিক মহলের একাংশ।
এদিন মোদির‘মন কি বাত’ নিয়েও তীব্র সমালোচনা করেন তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ, “বহু বছর ধরে আমাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। আগে সিপিএম ছিল, এখন অন্য শক্তি এসে একইভাবে মানুষকে সমস্যায় ফেলছে। এমনকি স্কুলেও ‘মন কি বাত’-এর নামে নিজেদের কথা শোনানো হচ্ছে।”





