Header AD
Trending

স্বাস্থ্যসাথী থাকবে তো? বদলের হাওয়ায় চিকিৎসা পরিষেবা ঘিরে ধোঁয়াশায় হাসপাতাল-নার্সিংহোম

Swasthasathi

রাজ্যে সরকার পরিবর্তনের পর স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে বড়সড় অনিশ্চয়তা। একদিকে কোথাও এই কার্ডে রোগী ভর্তি নেওয়া হচ্ছে, আবার অন্যদিকে বহু বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম নানা অজুহাতে রোগীদের ফিরিয়ে দিচ্ছে। অনেক ক্ষেত্রে সরাসরি না বলার বদলে জানানো হচ্ছে, “বেড খালি নেই।” ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি আরও বাড়ছে।

এই ধোঁয়াশার মূল কারণ, কেন্দ্রীয় প্রকল্প আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) দ্রুত চালুর ঘোষণা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) জানিয়েছেন, রাজ্য সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকেই আয়ুষ্মান ভারত চালু করার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। তারপর থেকেই প্রশ্ন উঠেছে—তাহলে স্বাস্থ্যসাথী কি বন্ধ হয়ে যাবে? যদিও সরকারিভাবে এখনও এ বিষয়ে কোনও নির্দেশিকা প্রকাশ হয়নি।

জেলা স্বাস্থ্য দপ্তর থেকেও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ফলে অনেক হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছেন। তাদের একাংশের বক্তব্য, স্বাস্থ্যসাথী প্রকল্পে আগের থেকেই বিপুল টাকা বকেয়া রয়েছে। নতুন করে পরিষেবা দিলে সেই আর্থিক চাপ আরও বাড়বে। সেই কারণেই অনেক জায়গায় অনীহা দেখা যাচ্ছে।

তবে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম সংগঠনগুলোর বড় অংশ পরিষেবা বন্ধের পক্ষে নয়। সংগঠনগুলোর বক্তব্য, মানুষের চিকিৎসা নিয়ে অনিশ্চয়তা তৈরি করা উচিত নয়। বকেয়া মেটানো নিয়ে নতুন সরকারের উপর ভরসা রেখেই আপাতত পরিষেবা চালিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে।

একই সঙ্গে আরেকটি প্রশ্নও সামনে আসছে—যাঁরা এখন স্বাস্থ্যসাথীর আওতায় রয়েছেন, তাঁরা সবাই নতুন করে আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন কি না। কারণ কেন্দ্রীয় প্রকল্পের কাঠামো ও সুবিধাভোগীর তালিকা আলাদা। নতুন সরকার কীভাবে এই রূপান্তর ঘটায়, এখন সেদিকেই তাকিয়ে স্বাস্থ্য মহল থেকে সাধারণ মানুষ—সবাই।