Header AD
Trending

শহরে শীতের আমেজ, পশ্চিমের জেলায় নামছে পারদ! জাঁকিয়ে শীত কবে?

শীতের আমেজ এখন শহরজুড়ে। বুধবার সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকেছে বিভিন্ন জেলা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিমের জেলার তাপমাত্রা নেমেছে  প্রায় ২০ ডিগ্রির নীচে। এখন প্রশ্ন, জাঁকিয়ে শীত কবে থেকে উপভোগ করা যাবে? সূত্রের খবর, দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহে তাপমাত্রার কোনও বিশেষ রদবদলের সম্ভাবনা নেই। হালকা বৃষ্টি হতে পারে উপকূলের জেলায়। কিন্তু তাপমাত্রা নামতে পারে উত্তরবঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি।

সূত্রের খবর, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ। ক্রমশ এটি এগবে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে  এবং অবস্থান করবে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন উপকূলে। দক্ষিণ বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যার জেরে বুধবার দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সামান্য। এছাড়াও জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে পারে বাতাসে। পশ্চিমের জেলায় তাপমাত্রা নেমেছে ২০ ডিগ্রির নীচে। রাত ও সকালের দিকে  শীতের হালকা শিরশিরানি অনুভূত হচ্ছে । তবে আবহাওয়াবিদদের অনুমান এখনই তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না।

আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই, শুষ্ক থাকবে আবহাওয়া। আগামী দু’দিনে সামান্য কমতে পারে  তাপমাত্রা। সপ্তাহ শেষে একটু বাড়তে পারে শীতের আমেজ। উল্লেখ্য, বাংলাদেশের ঘূর্ণাবর্তের জেরে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার ও বাংলাদেশ উপকূলে সমুদ্র উত্তাল থাকতে পারে। ওই এলাকার মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।