ভরা চৈত্রেও যেন গরমের প্রখর তেজ তেমন গায়ে লাগছে না। বদলে দাবদাহ অনেকটাই কমে গিয়ে বাংলাজুড়ে নেমে এসেছে মনোরম আবহাওয়া। দফায় দফায় ঝড়-বৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় নিচেই রয়েছে। সপ্তাহের শুরুতেই, সোমবার দিন ও রাত—দুই সময়ের তাপমাত্রাই স্বাভাবিকের চেয়ে কম থাকায় স্বস্তিতে রাজ্যবাসী। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস (Weather update) বলছে, এই আরাম বেশিদিন স্থায়ী নাও হতে পারে। বাড়তে চলেছে গরমের দাপট।
কলকাতায় আপাতত পরিষ্কার আকাশ থাকলেও বিগত কয়েক দিনের ঝড় ও শিলাবৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের নিচেই রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি কম এবং সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৭ ডিগ্রি কম। সোমবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। বুধবার পর্যন্ত আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা থাকলেও বৃহস্পতিবার আংশিক মেঘলা হতে পারে। আর শুক্রবার থেকে রবিবারের মধ্যে ফের মেঘলা আকাশ ও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে কালবৈশাখীর আশঙ্কাও থাকছে। সোমবার কলকাতার (Kolkata temparature) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৮ ডিগ্রি সেলসিয়াস, আর রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতা ৫৪ থেকে ৯৫ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে।
আবহাঅয়া দপ্তরের খবর, আপাতত উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে (Weather Forecast)। উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার দার্জিলিং ও জলপাইগুড়িতে ঘণ্টায় প্রায় ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়-বৃষ্টি (Thunder Storm) হতে পারে। পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। পার্বত্য পাঁচ জেলাতেই ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। বুধবার ও বৃহস্পতিবারও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে, সঙ্গে আলিপুরদুয়ার ও কোচবিহারেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে।
অন্যদিকে দক্ষিণবঙ্গেও মাঝেমধ্যে ঝড়-বৃষ্টির দেখা মিলছে। তবে আগামী তিন দিনে ধাপে ধাপে তাপমাত্রা প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। আর সপ্তাহান্তে আবারও ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় এমন আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সপ্তাহান্তে এই পরিস্থিতি আরও জোরদার হতে পারে, কোথাও কোথাও কালবৈশাখীর রূপ নিতে পারে, এমনকি শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিছু জেলায় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা বেশি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হুগলি, নদিয়া ও দুই বর্ধমানে।





