শনিবার দুপুরে কালীঘাট মেট্রো স্টেশনে (Kalighat Metro Station) এক মধ্যবয়স্কা মহিলার আত্মহত্যার চেষ্টার জেরে সাময়িকভাবে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। স্থানীয় সূত্রে জানা যায়, ওই মহিলা হঠাৎ করেই রেললাইনে পড়ে যান বা ঝাঁপ দেন। দ্রুত পদক্ষেপ নিয়ে মেট্রো কর্মীরা তাঁকে উদ্ধার করেন এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুর ১টা ৬ মিনিট নাগাদ আপ লাইনে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই পরিষেবা আংশিকভাবে বন্ধ হয়ে যায়। দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত ট্রেন চলাচল সীমিত রাখা হয়, অন্যদিকে মহানায়ক উত্তম কুমার (Tollygunje) থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা চালু ছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং বেলা ১টা ২৯ মিনিটে সম্পূর্ণ ব্লু লাইনে পরিষেবা পুনরায় চালু করা হয় বলে জানায় মেট্রো কর্তৃপক্ষ। তবে কিছু যাত্রী অভিযোগ করেছেন, পরিষেবা স্বাভাবিক হতে আরও সময় লেগেছে।
উল্লেখ্য, এর আগের শনিবারও একই সময়ে ব্লু লাইনে পরিষেবা ব্যাহত হয়েছিল। সেদিন একটি ট্রেনের ব্রেক জ্যাম হয়ে যাওয়ায় সেটিকে পরীক্ষার জন্য থামানো হয়েছিল। এছাড়া তার আগের রবিবার গ্রিন লাইনেও দুপুরবেলা পরিষেবা বিঘ্নিত হয়েছিল।





