Header AD

ভোটার কার্ড না থাকলেও দেওয়া যাবে ভোট! কোন নথি বৈধ, কী নিষিদ্ধ জানাল কমিশন

ECI Guidelines

বুধবার রাজ্যের সাতটি জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৭টা থেকে ভোট শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোটকে কেন্দ্র করে প্রয়োজনীয় নির্দেশিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ECI)।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটার তালিকায় নাম থাকলে ভোটার কার্ড সঙ্গে না থাকলেও ভোট দেওয়া যাবে। সে ক্ষেত্রে নির্দিষ্ট ১২টি বিকল্প পরিচয়পত্রের মধ্যে যে কোনও একটি দেখিয়ে ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করা সম্ভব। এই বিকল্প নথিগুলির মধ্যে রয়েছে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, পেনশনের সচিত্র নথি, ব্যাঙ্ক বা পোস্ট অফিসের ছবি-সহ পাসবই, ১০০ দিনের কাজের জব কার্ড, সরকারি কর্মীদের সচিত্র পরিচয়পত্র, শ্রম মন্ত্রকের স্মার্ট কার্ড, স্বাস্থ্যবিমা প্রকল্পের স্মার্ট কার্ড, সাংসদ বা বিধায়কদের সরকারি পরিচয়পত্র এবং বিশেষ ভাবে সক্ষমদের জন্য কেন্দ্রের দেওয়া পরিচয়পত্র।

এ ছাড়া ভোট দিতে যাওয়ার সময় ভোটার স্লিপ সঙ্গে রাখা জরুরি। কমিশনের নির্দেশ অনুযায়ী, বুথস্তরের আধিকারিকরা (BLO) ইতিমধ্যেই ভোটারদের হাতে সেই স্লিপ পৌঁছে দিয়েছেন।

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে ভোটারদের সুবিধার জন্য বুথের বাইরে মোবাইল জমা রাখার বিশেষ ব্যবস্থা থাকবে। পাশাপাশি আগ্নেয়াস্ত্র, স্মার্ট ডিভাইস, স্মার্ট ঘড়ি বা হেডফোন নিয়েও বুথে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে এই নিয়মগুলি মেনে চলার আবেদন জানিয়েছে নির্বাচন কমিশন।