সম্পত্তিকে কেন্দ্র করে বিবাদ। আর সেই বিবাদ থেকে তরুণীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল পাশের বাড়িতে থাকা জেঠুর সহ তিন যুবকের বিরুদ্ধে। সম্পত্তি নিয়ে বিবাদে জেঠুর বাড়িতে ভাড়া থাকা তিন ভাড়াটিয়া তাঁরই প্রশয়ে কটূক্তি করতেন তরুণীকে। সেই ঘটনার প্রতিবাদ করায় তরুণীর ঘরে ঢুকে তাঁকে মারধর ও শ্লীলতাহানি করে তিন যুবক এমনই অভিযোগ উঠেছে। বাড়ি কেউ না থাকার সুযোগে এই ঘটনাটি ঘটেছে বারাসতের নিবেদিতাপল্লি এলাকায়।
স্থানীয় সূত্রের খবর, সম্পত্তি নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছে বহুদিন। তরুণীর বাড়ির পাশেই থাকেন তাঁর জেঠু বাবু গাইন। আর সেখানেই ভাড়া থাকেন তিন যুবক। দীর্ঘদিনের এই বিবাদকে কেন্দ্র করে তিন ভাড়াটিয়া তরুণীকে কটূক্তি করতেন। এরই প্রতিবাদ করায় ঘরে ঢুকে তরুণীকে মারধর, শ্লীলতাহানি করা হয়। শুধু তাই নয় তিন যুবকের সঙ্গে জড়িত তরুণীর জেঠু বাবু গাইন স্বয়ং, এমনটাই অভিযোগ তরুণীর পরিবারের।
তরুণীর মা জানিয়েছেন, সম্পত্তি নিয়ে বিবাদ তো পরের কথা। আমি বাড়িতে না থাকায় ভাসুরের পক্ষ নিয়ে ওই তিন যুবক আমার মেয়েকে কটূক্তি করত। প্রতিবাদ করায় ভাসুর-সহ ওই তিন যুবক ঘরে ঢুকে আমার মেয়েকে মারধর, শ্লীলতাহানি করেছে। আমি অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করছি।





