Header AD

নরেন্দ্রপুরে ফ্ল্যাটে যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার! সম্পর্কের টানাপোড়েনে খুন? তদন্তে পুলিশ

garia incident

কলকাতায় ফের হাড়হিম কাণ্ড! সোমবার সাতসকালে বন্ধ ফ্ল্যাট থেকে যুবকের মৃতদেহ উদ্ধার। একা একটি ফ্ল্যাটে বসবাস করতেন ওই যুবক। সেখান থেকেই তাঁর গুলিবিদ্ধ দেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় মৃত যুবকের বান্ধবী-সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুরের নরেন্দ্রপুর থানা এলাকায় এই ঘটনা ঘটেছে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নরেন্দ্রপুরের নবগ্রাম এলাকার একটি ফ্ল্যাট থেকে ৩৭ বছর বয়সি অরূপ মণ্ডলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র এবং ছটি গুলিও উদ্ধার হয়েছে। ঠিক কখন, কীভাবে এবং কী কারণে অরূপকে গুলি করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে আবাসনের বাসিন্দারাও প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না বলেই খবর।

মৃতের পরিবারের দাবি, রবিবার গভীর রাতে তাঁদের কাছে অরূপের মৃত্যুর খবর পৌঁছায়। অরূপের মামা শঙ্কর নস্কর জানান, এক পরিচিত ব্যক্তি ফোন করে তাঁকে ভাগ্নের মৃত্যুর কথা জানান। এরপর রাতেই তাঁরা অরূপের ফ্ল্যাটে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন তিনি। পরিবারের আরও দাবি, কাজের সূত্রেই অরূপ নরেন্দ্রপুরের ওই ফ্ল্যাটে একাই থাকতেন। তাঁর কোনও প্রেমের সম্পর্ক ছিল কি না, সে বিষয়ে পরিবারের সদস্যদের স্পষ্ট ধারণা ছিল না। তবে রাজু নামে এক যুবককে অরূপের বন্ধু হিসেবে বাড়ির কয়েকজন চিনতেন। ইতিমধ্যেই ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি প্রিয়াঙ্কা দাস নামে এক যুবতীকেও আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, সম্পর্কের টানাপড়েন থেকেই এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। তদন্তকারীদের মতে, প্রিয়াঙ্কার সঙ্গে অরূপের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে ইঙ্গিত ।

এক পুলিশ আধিকারিকের কথায়, মৃত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ।